ঈদ-উল-আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ৭৩ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ (পুশইন), মাদক ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে ঈদের দিনেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
জেলা সূত্রে জানা যায়, আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। প্রতিবছর ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে এসব সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচারের চেষ্টা করে চোরাকারবারিরা। এ কারণে এবারের ঈদেও সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ পুশইন, চামড়া পাচার বা মাদক ও চোরাচালান প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঈদের দিনেও বিরামহীনভাবে দায়িত্ব পালন করছেন তারা।
তিনি আরও বলেন, “সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত থাকে, সে লক্ষ্যেই টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কেও যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।“