Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

কসবা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি পৌঁছানোর পর হঠাৎ বিকল হয়

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে শত শত যাত্রীকে তীব্র গরমে দুর্ভোগ পোহাতে হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটির পরিচালক শাখাওয়াত হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। পথে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। 

যাত্রীরা অভিযোগ করেন, হঠাৎ মাঝপথে ট্রেন থেমে যাওয়ায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী। স্টেশন এলাকায় তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অন্যান্য যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

ট্রেনটির পরিচালক শাখাওয়াত হোসেন জানান, বিকল ইঞ্জিন সচল করতে আখাউড়া থেকে একটি মেকানিক দল রওনা দিয়েছে। পাশাপাশি লাকসাম থেকে একটি বিকল্প (রিলিফ) ইঞ্জিন পাঠানো হয়েছে। রিলিফ ইঞ্জিনটি কসবায় পৌঁছালে ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব ট্রেনটি সচল করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

   

About

Popular Links

x