ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবি অভিযান চালিয়ে ১ কোটি ২ লক্ষ টাকারও বেশি মূল্যের ভারতীয় পণ্য ও একটি কাভার্ডভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি সরাইল ২৫।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান।
তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যানটি থেকে অবৈধভাবে আনা ৯ হাজার ৯৩৬ কেজি ভারতীয় ফুচকা এবং ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়। একইসঙ্গে মালামাল পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। আটককৃত মালামাল ও কাভার্ডভ্যানের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২ লক্ষ ৩৫ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহাম্মদ জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। বিজয়নগর, আখাউড়া ও মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত কাভার্ডভ্যান ও উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।



