ইরাকে মিসাইল হামলায় নিহত প্রবাসী মোহাম্মদ শ্রাবনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ ঢাকায় পৌঁছায়। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।
ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মরদেহ বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নিহত মোহাম্মদ শ্রাবন (পাসপোর্ট নম্বর- ইজে ০৮২০৩২৭) মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার ছেলে। জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে তিনি ইরাকের বাগদাদে যান। সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তিনি নিহত হন।
তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বাগদাদে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে পাঠানো হয়। গত ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর টিকে-০৮৪৩ এর মাধ্যমে মরদেহটি রওনা হয়। পরে তুরস্কে প্রায় ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে পুনরায় তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর টিকে-০৭১২ যোগে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এসময় দাফন-কাফনের জন্য শ্রাবনের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।