লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীবেষ্টিত চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে দেড়শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ১১টা পর্যন্ত তারা ফিরতে পারেননি। খবর পেয়ে তাদের উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকায় করে নারী, পুরুষ ও শিশুসহ পর্যটকরা চর আব্দুল্লাহতে বেড়াতে যান। সেখানে পৌঁছানোর পরপরই শুরু হয় ঝড়-বৃষ্টি। একই সঙ্গে মেঘনা নদী উত্তাল হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে তাদের আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
ঈদকে সামনে রেখে লক্ষ্মীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেক মানুষ মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকায় ঘুরতে আসেন। স্থানীয়দের কাছে স্থানটি “মিনি কক্সবাজার” নামেও পরিচিত। বেড়িবাঁধের পাশাপাশি নদীবেষ্টিত চরেও ঘুরতে যান অনেকে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, চরে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে পুলিশ কাজ করছে। বর্তমানে নদীতে ভাটা থাকায় জোয়ারের অপেক্ষা করা হচ্ছে। জোয়ার এলে তাদের নিরাপদে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।