রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু এবং কয়েকজন অসুস্থ হওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে নিরাপত্তা ও জরুরি চিকিৎসা ব্যবস্থা জোরদারের নির্দেশনা চাওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এবং আদ-দ্বীন হাসপাতালের পরিচালককে এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। এর আগে, শুক্রবার (২৯ মে) নোটিশটি পাঠানো হয়।
নোটিশে বলা হয়, আদ-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশজুড়ে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যম ও অভিভাবকদের অভিযোগ অনুযায়ী, গভীর রাতে সদ্য জন্ম নেওয়া কয়েকজন নবজাতক একসঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অবিরাম কান্না, বমি, শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা যায়। একইসঙ্গে কয়েকজন প্রসূতি মা অসুস্থ হয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, এমন সংকটময় পরিস্থিতিতে পর্যাপ্ত জরুরি চিকিৎসাসেবা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসাকর্মীদের তৎপরতা পর্যাপ্ত ছিল না। এছাড়া সংকটাপন্ন নবজাতকদের উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরেও বিলম্ব ঘটে। ফলে একের পর এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়, যা শুধু সংশ্লিষ্ট পরিবারগুলোকেই নয়, সমগ্র জাতিকে মর্মাহত করেছে।
নোটিশে আরও বলা হয়, এ ঘটনা দেশের হাসপাতালগুলোর মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডের নিরাপত্তা, জরুরি চিকিৎসা সাড়া ব্যবস্থা, রোগী পর্যবেক্ষণ এবং সার্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।
নোটিশে উল্লেখিত চারটি দাবির মধ্যে রয়েছে, আদ-দ্বীন হাসপাতালের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে কার্যকর ক্ষতিপূরণ প্রদান, দেশের সরকারি-বেসরকারি হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা সাড়া ও রোগী নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশিকা ও প্রটোকল প্রণয়ন এবং হাসপাতালগুলোর সেবার মান ও নিরাপত্তা তদারকিতে কার্যকর মনিটরিং ব্যবস্থা বা কমিটি গঠন।
এছাড়া নোটিশপ্রাপ্তদের ৭২ ঘণ্টার মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।