সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রবাসী ইউসুফ মিয়া নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মিয়া কসবা উপজেলার মন্দভাগ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় সাত বছর আগে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ মিয়া। তিনি রিয়াদে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শনিবার কর্মস্থলে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইউসুফ মিয়ার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার পরিবারে মা ও স্ত্রী ছাড়া আর কেউ নেই। তাদের কোনো সন্তানও নেই।
পরিবার সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্রের প্রক্রিয়া চলমান রয়েছে।