সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে শিকলে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জোতপাড়া নৌকাঘাটের দক্ষিণ পাশের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে চৌহালী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহের শরীরে কোনো পোশাক ছিল না। এছাড়া হাত-পা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল এবং শিকলে তালা লাগানো ছিল।
চৌহালী নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রবীর ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহে অতিমাত্রায় পচন ধরায় শরীরে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই যুবককে ৪ থেকে ৫ দিন আগে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।