গোপালগঞ্জে গাড়ির ব্যাটারি চুরির অভিযোগে তিনজনকে আটকের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় ওই আটক তিনজনকে ছিনিয়ে নেওয়া হয়।
সোমবার (১ জুন) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা বেপারীপাড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের সময় কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রকিব শেখ, কালাম মৃধা ও সিয়াম হোসেন জানান, ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদক বিরোধী কমিটির সদস্যরা ব্যাটারী চুরির অভিযোগে কোটালীপাড়া উপজেলার কাঠিগা গ্রামের মোরসালিন মিয়া, চিতশী গ্রামের রাসেল দাড়িয়া ও ঘাঘরকান্দা গ্রামের আব্দুল্লাহ দাড়িয়াকে আটক করে। পরে তাদের বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির কার্যালয়ে আটকে রাখা হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কাঠিগা ও চিতশী গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে মাদকবিরোধী কমিটির কার্যালয়ে চড়াও হয়। তারা কার্যালয়টি ভাঙচুর করে এবং তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘাঘরকান্দা বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লা বলেন, “আমাদের বেপারীপাড়া গ্রামের এক ব্যক্তির গাড়ি থেকে তিনজন মিলে ব্যাটারি চুরি করে বিক্রি করে দেয়। এ খবর জানার পর তিনজনকে আটক করে আমাদের কার্যালয়ে রেখে পুলিশকে খবর দেই। পরবর্তীতে কাঠিগা-চিতশীর লোকজন এসে আমাদের উপর হামলা ও মারধর করে। তারা কার্যালয় ও ঘরবাড়ি ভাঙচুর করে তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়।”
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্র কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।”