Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে ৮ বছরের শিশুকে নির্যাতন, কিশোর গ্রেপ্তার 

শিশুটির মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন

আপডেট : ৩০ মে ২০২৬, ০৫:১৬ পিএম

গোপালগঞ্জ সদর উপজেলার বিসিক ব্রিজ মোড় সংলগ্ন এলাকায় ৮ বছরের শিশুকে  নির্যাতনের অভিযোগে শফিকুল মোল্লা (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন  দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত শফিকুল মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বাসিন্দা। তিনি গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী এলাকার মধুমতি বেকারিতে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিসিক ব্রিজ মোড় সংলগ্ন মধুমতি বেকারির দ্বিতীয় তলায় ২০ টাকার লোভ দেখিয়ে শফিকুল শিশুটিকে নিয়ে গিয়ে নির্যাতন করে। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা শফিকুলকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ভিকটিম শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায় এবং অভিযুক্তকে আটক করে। 

শিশুটির মা সাংবাদিকদের বলেন, “মধুমতি বেকারির কাছেই আমাদের বাসা। আমার ছেলে বাসা থেকে পাশেই তার দাদার বাড়িতে যাচ্ছিল। এ সময় বিসিক ব্রিজের ওপর থেকে তাকে টাকা ও খাবারের লোভ দেখিয়ে শফিকুল নামের বেকারি কর্মচারি বেকারির দোতলায় নিয়ে যায়। সেখানে আমার ছেলের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। আমি শফিকুলের কঠোর শাস্তির দাবি জানাই।” 

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, “শিশু নির্যাতনের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। খবর পেয়ে শুক্রবার (২৯ মে) সন্ধ্যার আগে পুলিশ ঘটনাস্থলে যায়। অসুস্থ শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় এবং ঘটনার মূল অভিযুক্ত শফিকুল মোল্লাকে (১৫) আটক করা হয়।” 

তিনি আরও জানান, আসামি শফিকুল মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

   

About

Popular Links

x