বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণের শিকার হওয়া পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী (১২) চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।
নন্দীগ্রাম উপজেলার চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর মা মঙ্গলবার (২ জুন) সকালে মেয়ের বান্ধবীর বাবা অভিযুক্ত দোলা হোসেনের (৩৫) বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, নির্যাতিত ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার তথ্যমতে, পেশায় আইসক্রীম বিক্রেতা অভিযুক্ত দোলা হোসেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা। ওই স্কুলছাত্রী গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১০টার দিকে প্রতিবেশী বান্ধবীর বাড়িতে যায়। সে সময় বাড়িতে কেউ না থাকায় বান্ধবীর বাবা দোলা হোসেন ওড়না দিয়ে মুখ বেধে ও ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। লোকলজ্জা ও প্রাণের ভয়ে শিশুটি বিষয়টি গোপন করে রাখে।
সম্প্রতি স্কুলছাত্রীর শরীরে পরিবর্তন দেখা দেয়। গত ২৪ মে শিশুটির মা তাকে জিজ্ঞাসা করলে সে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। পরবর্তীতে আলট্রাসনোগ্রাফি করা হলে রিপোর্টে জানা যায়, সে ৪ মাসের অন্তঃসত্ত্বা। এরপর, বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হয়।
পরে, বাধ্য হয়ে ভুক্তভোগীর মা মঙ্গলবার সকালে নন্দীগ্রাম থানায় অভিযুক্ত দোলা হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিকালে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, ধর্ষণের শিকার ছাত্রীর মা থানায় একমাত্র আসামির বিরুদ্ধে মামলা করেছেন। আসামি দোলা হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।