Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে নিখোঁজের তির ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

একটি তিনতলা ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০২:৪৮ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর আব্দুর রহমান (৫) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি তিনতলা ভবনের ছাদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় লাল টেপ প্যাঁচানো এবং মুখের ভেতর চাল ও পলিথিন ঢোকানো ছিল বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার একটি তিনতলা ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান জামালপুরের মেলান্দহ থানার বাগবাড়ি এলাকার বাসিন্দা। তারা আশুলিয়ার ভাদাইল বাজার চৌরাস্তা এলাকায় ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হয় আব্দুর রহমান। প্রায় ১০ মিনিট পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়িওয়ালার স্ত্রী রিনা বেগম ছাদে হাঁসকে খাবার দিতে যান। সেখানে একটি হাঁস ধরতে গিয়ে নেটের নিচে সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা দেখতে পান। কাছে গিয়ে বস্তার ভেতর শিশুটির মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেখানে জড়ো হন।

রিনা বেগম জানান, ছাদে হাঁসকে খাবার দেওয়ার সময় একটি হাঁস নেটের ওপর গিয়ে পড়ে। হাঁসটি ধরতে গিয়ে নেটের নিচে বস্তাটি দেখতে পান তিনি। কাছে গিয়ে শিশুটির মরদেহ দেখে ভয় পেয়ে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা ছাদে গেলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। কারা এবং কী কারণে শিশুটিকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

   

About

Popular Links

x