এবার পল্লবীতে নিঃসঙ্গ আরেক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি কয়েকদিন আগে মারা গেছেন। তার স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন।

বৃহস্পতিবার (৪ জুন) পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (৩ জুন) খবর পেয়ে পল্লবী থানার সেকশন ৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর ফ্ল্যাট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই নারীর স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহ থাকায় বাবার পৈতৃক ফ্ল্যাটে থাকতেন সেলিনা আফরোজ। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে পাওয়া ওই ভবনের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে ওই নারী একাই থাকতেন। তার আরেক বোন ওই ভবনের চারতলায় থাকতেন।

গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে মৃত সেলিনা আফরোজের সঙ্গে তার ভাতিজা আশফাকুর রহমানের সর্বশেষ কথা হয়। এরপর আর তার কারও সঙ্গে যোগাযোগ হয়নি। পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তিনি মারা যান।

প্রসঙ্গত, রবিবার (১ জুন) পল্লবী ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের বাসা থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার চার ছেলেমেয়ের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন মা। যদিও মায়ের মৃত্যুর কয়েকদিন পরও তা বুঝতে পারেননি মেয়ে।