পূর্ব বিরোধের জেরে টাঙ্গাইলে ভূঞাপুর ও গোপালপুর উপজেলার দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কালাম তালুকদার (৬৫) নামে একজনের মৃত্যুর হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কালাম তালুকদার জগৎকুড়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বহু বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোল পেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকালে পুনরায় সংঘর্ষে জড়ায় দুটি গ্রামের লোকজন। দেশীয় অস্ত্রসহকারে চলে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা।
সংঘর্ষে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন। পরে তাদের ভূঞাপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা.ফাতেমা কালামকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এ বিষয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন বলেন, “সংঘর্ষের ঘটনায় নিহত কালামের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।”