হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে।

শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৫১৯ জন। সবমিলিয়ে নিশ্চিত হাম ও সন্দেহভাজন হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।

এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯,৫০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৭৬,৮৭৬। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬২,২৩৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়েছে ৫৮,১৫৪ জন।