কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মায়ের জানাজায় অংশ নিতে এসে হৃদয়বিদারকভাবে মারা গেছেন ছেলে আবু বাক্কার ছিদ্দিক (৩৫)।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু বাক্কার ছিদ্দিকের মা জুলেখা খাতুন (৬৫) বৃহস্পতিবার মারা যান। ঢাকায় কর্মরত ছিদ্দিককে পরিবারের সদস্যরা দ্রুত বাড়িতে আসতে বললেও মায়ের মৃত্যুর খবর সরাসরি জানাননি। কারণ, তিনি মাকে অত্যন্ত ভালোবাসতেন এবং আকস্মিক এ সংবাদে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন বলে আশঙ্কা ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে এসে মায়ের মরদেহ দেখামাত্রই আবু বাক্কার ছিদ্দিক মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছিদ্দিকের স্ত্রী শরিফা আক্তার জানান, তার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামীর আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিঠুন রানা জানান, হাসপাতালে আনার আগেই আবু বাক্কার ছিদ্দিকের মৃত্যু হয়েছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ইসিজিও করা হয়।
বৃহস্পতিবার রাতে জুলেখা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার সকাল ১০টায় আবু বাক্কার ছিদ্দিকের জানাজা শেষে মা-ছেলেকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।



