দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার ( ৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মৃত্যুর এসব ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ শিশু।
এদিকে ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে।
একই সময়ে নতুন করে ২৪৩ জনের শরীরে হাম শনাক্ত হওয়ায় মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫০৩ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৮ হাজার ১৫৪ জন।
২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ৪ জন ঢাকা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।



