Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনার জার্সি পরা রোগীর ফি ৫০% ছাড়

ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ডাক্তার

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৮:২৩ পিএম

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন দেশজুড়ে চলছে সমর্থকদের উচ্ছ্বাস ও নানা আয়োজন, তখন ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন পটুয়াখালীর চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার জার্সি পরে তার চেম্বারে এলে রোগীরা পাবেন চিকিৎসা ফিতে ৫০% ছাড়।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পোস্টে জানানো হয়, পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে।

বর্তমানে ডা. হাবিবুর রহমান পটুয়াখালী মেডিকেল কলেজহাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ব্যথা ব্যবস্থাপনা বিষয়ক চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

ঘোষণা অনুযায়ী, তার নিয়মিত ভিজিট ফি ৬০০ টাকা হলেও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে নেওয়া হবে ৩০০ টাকা।

এ বিষয়ে ডা. হাবিবুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের সময় ফুটবল উন্মাদনা ভিন্ন মাত্রা পায়, আর সেই আনন্দকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “এটি আর্জেন্টিনা সমর্থকদের জন্য আমার পক্ষ থেকে একটি শুভেচ্ছা। এতে চিকিৎসাসেবার মান বা কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। বরং ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ আরও বাড়বে বলে আশা করছি।”

ফেসবুকে ঘোষণাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই এটিকে বিশ্বকাপ উন্মাদনার একটি মজার ও ইতিবাচক প্রকাশ হিসেবে দেখছেন। আবার অনেকে চিকিৎসাসেবার সঙ্গে ফুটবলপ্রেমের এমন সংযোগকে অভিনব ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মন্তব্য করেছেন।

বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের নানা আয়োজনের ভিড়ে পটুয়াখালীর এই চিকিৎসকের ঘোষণা এখন স্থানীয় পর্যায় ছাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

   

About

Popular Links

x