Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না

আপডেট : ০৫ জুন ২০২৬, ০২:২৬ পিএম

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের পথ সুগম হয়েছে। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে, যা ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।

জানা গেছে, এবারের বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসও ম্যাচগুলো সম্প্রচার করবে। তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে একটি কনসোর্টিয়াম গঠন করে ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব সংগ্রহ করেছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ বাংলাদেশের জন্য বিশ্বকাপের সম্প্রচার অধিকার কিনেছিল। তবে দেশীয় বাজারে সেই স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে দাঁড়ায়।

এর ফলে বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। বিষয়টি নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তাদের উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে সম্প্রচার স্বত্ব সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত হয়।

এদিকে বিশ্বকাপ সম্প্রচারে বিটিভির নিজস্ব কোনো অর্থ ব্যয় হচ্ছে না বলেও জানা গেছে। সম্প্রচার-সংক্রান্ত পুরো ব্যয় বহন করছে সংশ্লিষ্ট স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও টেলিকম অপারেটরগুলো, যারা যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

ফলে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক এবার ঘরে বসেই টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরের প্রতিটি ম্যাচ।

   

About

Popular Links

x