Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনাকে নিয়ে মধুর সমস্যায় স্কালোনি, আলভারেজ নাকি মার্তিনেজ

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দল নিয়ে এই মুহূর্তে ফুটবলপ্রেমীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন একটিই

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দল নিয়ে এই মুহূর্তে ফুটবলপ্রেমীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন একটিই, প্রধান কোচ লিওনেল স্কালোনি কাকে তার মূল স্ট্রাইকার হিসেবে প্রথম একাদশে খেলাবেন? হুলিয়ান আলভারেজ নাকি লাওতারো মার্তিনেজ? দুই তারকাই নিজ নিজ ক্লাবে দুর্দান্ত ছন্দে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া এখন আর্জেন্টিনা কোচিং স্টাফের জন্য একটি বড় ‘মধুর সমস্যা’ হয়ে দাঁড়িয়েছে।

তবে আগামী শনিবার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে চোটের কারণে আতলেতিকো মাদ্রিদ তারকা আলভারেজকে পাচ্ছে না আর্জেন্টিনা। ফলে এই ম্যাচে শুরুর একাদশে ইন্টার মিলান তারকা মার্তিনেজের থাকার সম্ভাবনাই বেশি।

২০২২ কাতার বিশ্বকাপে দলের মূল স্ট্রাইকার হিসেবে খেলতে গিয়েছিলেন মার্তিনেজ। কিন্তু গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে কঠিন ম্যাচের পর তাঁর অফফর্মের কারণে জায়গা কেড়ে নেন আলভারেজ। মার্তিনেজের তুলনায় আলভারেজের গতি বেশি এবং প্রতিপক্ষের রক্ষণভাগে প্রেসিংয়ে তিনি অনেক বেশি কার্যকর। কাতার বিশ্বকাপে লিওনেল মেসির সঙ্গে তাঁর বোঝাপড়া ছিল চমৎকার।

সেই বিশ্বকাপে পোল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলের চ্যাম্পিয়ন হওয়ায় ২৬ বছর বয়সী এই তরুণ বড় ভূমিকা রাখেন। এরপর থেকে আর্জেন্টিনার অধিকাংশ ম্যাচে আলভারেজই প্রথম একাদশে নিয়মিত সুযোগ পেয়ে আসছেন।

বিশ্বকাপের পর স্কালোনি মার্তিনেজকেও পর্যাপ্ত সুযোগ দিয়েছেন। বিশেষ করে লিওনেল মেসি যখন দলে ছিলেন না, তখন কিছু ম্যাচে দুজনকে একসঙ্গেও খেলানো হয়েছে। ২০২৪ কোপা আমেরিকায় মার্তিনেজ ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন, যদিও ছয় ম্যাচের মধ্যে মাত্র দুটিতে তিনি প্রথম একাদশে ছিলেন।

পরবর্তীতে ২০২৫ সালে থিয়াগো আলমাদার ধারাবাহিক পারফরম্যান্স এবং মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের প্রত্যাবর্তনের ফলে স্কালোনি দলে একজন স্ট্রাইকার খেলানোর কৌশল বেছে নেন, যেখানে আলভারেজই অগ্রাধিকার পান। এর মধ্যে মার্তিনেজ পেশির চোটে পড়ায় বিশ্বকাপ বাছাইপর্বের উরুগুয়ে, ব্রাজিল, চিলি ও কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করেন।

চোটের কারণে চলতি বছরের প্রীতি ম্যাচ এবং ইন্টার মিলানের মৌসুমের শেষ অংশ মিস করলেও মার্তিনেজ সদ্য সমাপ্ত মৌসুমে দারুণ কার্যকর ছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে তিনি ২২টি গোল করার পাশাপাশি ৬টি গোলে সহায়তা করেছেন।

অন্যদিকে ‘দ্য স্পাইডার’ খ্যাত আলভারেজও আতলেতিকো মাদ্রিদের হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে তিনি করেছেন ২০টি গোল, যার অর্ধেকই এসেছে চ্যাম্পিয়নস লিগে। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৯টি গোল।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন আলভারেজ। পরে লা লিগার বাকি অংশ গ্যালারিতে বসে দেখতে হলেও বিশ্বকাপে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। ইতিমধ্যে সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন তিনি।

তবে আলভারেজ পুরোপুরি ফিট হতে থাকায় এবং শারীরিকভাবে তুলনামূলক ভালো অবস্থায় থাকায় হন্ডুরাসের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে ইন্টার মিলান অধিনায়ক লাওতারো মার্তিনেজের শুরু থেকেই খেলার সম্ভাবনা স্পষ্ট। ফুটবল বিশ্লেষকদের মতে, দুজনই পুরোপুরি ফিট থাকলে স্কালোনির প্রথম পছন্দ হতে পারেন আলভারেজ। তবে কাতার বিশ্বকাপে যেভাবে মার্তিনেজের জায়গা আলভারেজ কেড়ে নিয়েছিলেন, এবার মার্তিনেজ সেই জায়গা পুনরুদ্ধার করতে পারেন কি না, তা সময়ই বলে দেবে।

   

About

Popular Links

x