ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে রবিবার; যা ৯ জুলাই পর্যন্ত চলবে বলে জানা যায়।
এই অধিবেশনে আগামী অর্থবছরের (২০২৬-২০২৭) বাজেটের ওপর আলোচনার জন্য ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি অধিবেশনে ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (৭ জুন) বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন।
সংসদ সচিবালয় বলেছে, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় সংসদের অধিবেশন বসবে। ৯ জুলাই দ্বিতীয় অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।
তবে ২৭-৩০ জুন এ ৪ দিন প্রতিদিন দুই বেলা বৈঠক হতে পারে বলে প্রস্তাব করা হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি ও অন্য মন্ত্রীদের জন্য ৩০৩৭টি প্রশ্নসহ মোট ৩২২৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯৮টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের (বিধি-১৩১) ২৯৩টি নোটিশ পাওয়া গেছে।
কার্য উপদেষ্টা কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নেন।
এছাড়া কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির বৈঠকে উপস্থিত ছিলেন।
স্পিকারের বিশেষ আমন্ত্রণে সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বৈঠকে অংশ নেন।