হবিগঞ্জে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ নিয়ে সংঘর্ষ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষে ওসি, পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুরে কালাইনজুড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ফরিদ মিয়া জুলাই আন্দোলনের সময়ের মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। এ সময় তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ৫ নম্বর ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিন। তিনি যুবদলের স্থানীয় নেতা।

সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান ফরিদ আহমেদ। এছাড়া, তিনি হাইকোর্টের আদেশে স্বপদে পুনর্বহাল হন। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন দায়িত্ব হস্তান্তরে গড়িমসি করতে থাকেন।

এদিকে, সোমবার সকালে চেয়ারম্যান ফরিদ আহমেদ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ভিজিএফ চাল বিতরণ শুরু করলে প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিন বাধা দেন। এনিয়ে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষের সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এতে ৫০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকসহ চারজন পুলিশ সদস্য আহত হন।

থানা সূত্রে জানা গেছে, সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ করে। এছাড়া ৫টি সাউণ্ড গ্রেনেড ও ৩ রাউন্ড টিয়ারগ্যাস শেল ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।