নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

যশোরের মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে।

সোমবার (৮ জুন) রাতে উপজেলার স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ জুন) নিহতের স্ত্রী রেশমা খাতুন ১১ জনকে আসামি করে মামলা করেছেন। এই মামলায় অভিযুক্ত হোসাইন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ইমামুল হোসেন (৫০) যশোরের ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানিয়েছে, ইমামুল হোসেনের নাতনিকে কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ঘটনার প্রতিবাদ করায় সোমবার রাতে যুবকদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ঘটনার দিন রাতে বাড়ি থেকে কয়েক গজ দূরে বিদ্যালয়ের সামনে ইমামুল ইজিবাইক থেকে নামার সঙ্গে সঙ্গে সিরাজুল ইসলামের নেতৃত্বে একই এলাকার রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ কয়েকজন যুবক তার ওপর হামলা চালান। হামলাকারীরা ধারালো অস্ত্র, দা ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে মধ্যরাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, “খবর পেয়ে মনিরামপুর থানা ও ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।”