মায়ের ভরণপোষণ না দেওয়ায় সন্তান জেলে

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বৃদ্ধ মায়ের ভরণপোষণ না দেওয়া এবং তাকে মারধরের অভিযোগে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, আবু ইউছুফ পাটোয়ারী উপজেলার চেড়িয়ারা গ্রামের বাসিন্দা। তার মা রোকেয়া বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ছেলে তার চিকিৎসা, পরিচর্যা ও ভরণপোষণের দায়িত্ব পালন করেননি। এছাড়া ২ জুন ইউছুফ তাকে মারধর করে গুরুতর আহত করেন।

এ ঘটনায় রোকেয়া বেগম শাহরাস্তি মডেল থানায় ছেলে ইউছুফের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস সোমবার তাকে গ্রেপ্তার করেন।

তদন্ত কর্মকর্তা জানান, ইউছুফ মাদ্রাসায় পড়াশোনা করেছেন। বর্তমানে তার কোনো স্থায়ী পেশা না থাকলেও বিভিন্ন সময়ে স্থানীয় কয়েকটি মসজিদে ইমামতি করেছেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “আইন অনুযায়ী বাবা-মায়ের ভরণপোষণ ও দেখভালের দায়িত্ব সন্তানদের। এ সংক্রান্ত মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”