নতুন বাজেটের অন্যতম আলোচিত উদ্যোগ হিসেবে শিক্ষার্থীদের জন্য বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, “বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীরা জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষার মতো আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ পাবে।”
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈশ্বিক কর্মসংস্থান, উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক যোগাযোগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে মাদ্রাসা শিক্ষাকে আরও যুগোপযোগী ও কর্মমুখী করতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি এবং তথ্যপ্রযুক্তি শিক্ষার মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের মূলধারার কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।
বাজেটে দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সরবরাহ করা হবে।
শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় মিড-ডে মিল কর্মসূচি চালু করে ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া ছাত্রী ও শিক্ষিকাদের জন্য স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।