মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীর কাছে গাঁজা পৌঁছে দেওয়ার চেষ্টা করতে গিয়ে দবির মোল্যা নামে এক ব্যক্তি আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে। আটক দবির মোল্যা মাগুরা সদর উপজেলার পৌরসভা এলাকার জুঁইতড়া গ্রামের বাসিন্দা।
কারাগার সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি থাকা তন্বী খাতুনের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আসেন তার স্বামী দবির মোল্যা। এ সময় আরপি গেটে দায়িত্ব পালনরত কারারক্ষী রফিকুল ইসলাম তার শরীরে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে দবিরের জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজার একটি প্যাকেট উদ্ধার করা হয়।
ঘটনার পর বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা কারাফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার জানান, কারাবন্দি তন্বী খাতুনের কাছে গাঁজা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই দবির মোল্যা কারাগারে মাদক প্রবেশ করানোর চেষ্টা করেছিলেন।
জানা গেছে, তন্বী খাতুন মাদক কারবারের অভিযোগে দুই দিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দবির মোল্যা স্বীকার করেছেন যে, স্ত্রীর অনুরোধেই তিনি গাঁজার প্যাকেট নিয়ে কারাগারে প্রবেশের চেষ্টা করেছিলেন।