ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দল ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে রায়হান মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রবিবার (১৪ জুন) উপজেলার কুমারজানি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরাইখালি গ্রামের লাল মিয়ার ছেলে। 

পরিবারের সঙ্গে মির্জাপুর শহরের কুমারজানি এলাকায় কুয়াশা হোটেলের পাশে একটি ছয়তলা ভবনে ভাড়া বাসায় থাকতেন। 

এলাকাবাসী জানায়, রবিবার ভবনটির ছাদে ব্রাজিলের পতাকা ওড়াতে যান রায়হান। এসময় হঠাৎ করে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

রায়হানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্রাজিল সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রায়হানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”