মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার আগে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত তাসনুভা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ভাটবাউর এলাকার বাসিন্দা। তিনি তাসনুভা ফিলিং স্টেশনে নোজেলম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সামনে আন্তর্জাতিক ফুটবল আসর উপলক্ষে নিজের সমর্থিত দল ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য ফয়সাল পাম্পের পাশের একটি আমগাছে ওঠেন। গাছটির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন অতিক্রম করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পতাকা টাঙানোর সময় ফয়সালের হাতে থাকা একটি স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ ঝোড়ো বাতাসের কারণে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। এতে তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাসনুভা ফিলিং স্টেশনের ম্যানেজার জনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ফয়সাল পতাকা টাঙানোর কাজে গাছে ওঠেন। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় তার হাতে থাকা এসএস পাইপটি পাশের ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং নিচে পড়ে যান।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অস্বাভাবিক কোনো বিষয় পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“



