রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ২ যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকালে ২ জনের পরিবার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে। নিহতরা হলেন- মাদারগঞ্জ উপজেলার চর গুজামানিকা গ্রামের মাফল মিয়া (২৪) ও রায়েরছড়া গ্রামের মো. আরিফ মিয়া (৩০)।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে উন্নত জীবনের আশায় ওই ২ বাংলাদেশি যুবক এক দালালের মাধ্যমে রাশিয়া যান। সেখানে রাজমিস্ত্রির কাজে যোগ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশি দালালের খপ্পরে পড়ে ওই দুজনকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে হয়। সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে পৃথক স্থানে প্রতিপক্ষের ড্রোন হামলায় তারা নিহত হন।
প্রথমে তাদের মৃত্যুর বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি প্রবাসীর মাধ্যমে পরিবার মারা যাওয়ার খবর জানতে পারেন।
তাদের মৃত্যুর খবরে পরিবারের স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীদের মধ্যে শোক বিরাজ করছে।
নিহত মাফল মিয়ার বড় বোন কণিকা আক্তার বলেন, “আমাদের সংসার খুবই অভাবের। এলাকায় কোনো কাজের সুযোগ না থাকায় আমার ভাই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এক দালালের মাধ্যমে রাজমিস্ত্রির কাজের আশ্বাস পেয়ে সে রাশিয়ায় গিয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে কোনো কাজ দেওয়া হয়নি। আমাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল না। মাঝেমধ্যে ফোন করত। একবার ফোন করে জানিয়েছিল, তাকে কাজ না দিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে দেওয়া হয়েছে। যুদ্ধে পাঠানো হয়েছে।”
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, রাশিয়ায় নিহত হওয়ার বিষয়ে আমাকে কেউ এখনো কিছুই জানায়নি। ঘটনা যদি সঠিক হয়ে থাকে, তাহলে ভুক্তভোগীরা যেন দূতাবাসে যোগাযোগ করেন। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব যেন লাশগুলো দেশে আনার ব্যাপারে দূতাবাসকে চিঠি দেওয়া হয়।”