নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহতসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার নিলক্ষা এলাকার হরিপুর-দড়িগাও এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম অনিক মিয়া (২০)। তিনি উপজেলার নীলক্ষ্যা গ্রামের ওসমান মিয়ার ছেলে এবং নাজিমউদ্দিন গ্রুপের সদস্য।

স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে হরিপুর-দরিগাও এলাকার ‘আলাল গ্রুপের’ লোকজন এলাকার বাইরে ছিলেন। আজ সকালে, আলাল গ্রুপের লোকজন পুনরায় এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদের বিরোধী পক্ষ ‘নাজিমুদ্দিন গ্রুপের’ লোকজন বাধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময়, গুলি, দেশীয় অস্ত্র ও ট্যাটার আঘাতে অন্তত পাঁচজন আহত হন।

এদিকে, নীলক্ষা এলাকায় ঘটে যাওয়া আজকের সংঘর্ষের বেশ কিছু ভিডিও চিত্র এসেছে প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, টেটা ও দেশীয় অস্ত্রের পাশাপাশি বন্দুক নিয়ে মহড়া দিচ্ছে একদল ব্যক্তি। আহত ও নিহতরা গুলিবিদ্ধ হয়েছেন কিনা এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, নিহত অনিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত (ওসি) মজিবুর রহমান জানান, সংঘর্ষ চলাকালে অনিক মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজু ও মোস্তফা কামাল নামে আরও দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত প্রায় ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ওসি মজিবুর রহমান আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।