সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ট্রাফিক পুলিশের

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুরুল ইসলাম নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে সয়দাবাদ রেলওয়ে স্টেশন-সংলগ্ন যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পশ্চিম থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, যমুনা সেতুর পশ্চিম এলাকায় একটি ট্রাক প্রতিযোগিতামূলকভাবে চলার সময় রং সাইড দিয়ে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় রাস্তার পাশে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুরুল ইসলামকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় জেলা পুলিশ গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।