ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ যুবক রিফাতের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর দুইদিন ধরে নিখোঁজ ছিলেন ওই যুবক।
বুধবার (১৭ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত রিফাতের স্ত্রী এবং তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নরসিংদী জেলার করিমপুর এলাকায় মেঘনা নদী থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।
এদিন রাতে রিফাতের বোন মুক্তা লাশটি শনাক্ত করেন। মুক্তা বেগম অভিযোগ করে বলেন, তার ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত দেখা গেছে। দাফন শেষে এ ঘটনায় তারা মামলা দায়ের করবেন।
এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় গত রবিবার গোলাগুলির ঘটনায় রিফাত (২৮) নামে এক যুবক আহত হন। এ ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ হন। এছাড়া এ ঘটনায় কনিকা রানী দাস (৩৫) নামে এক নারীও গুলিবিদ্ধ হন। পরে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী জেলার করিমপুর এলাকায় মেঘনা নদী থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, রিফাতের লাশ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)পিয়াস বসাক, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন মামলা করা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।