রেললাইনে বালুবাহী ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রেললাইনের ওপর একটি বালুবাহী ট্রাক উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ১০ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। দুর্ঘটনায় রেলপথের প্রায় ৩০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে কুড়িগ্রাম-তিস্তা রেলপথের অদ্বিতাকানন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রেলওয়ে সূত্র জানায়, তিস্তামুখী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের পাশের নিরাপত্তা রেলিং ভেঙে রেলপথের ওপর উঠে উল্টে পড়ে। এতে রেললাইন বেঁকে যায় এবং কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। ফলে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার কারণে নির্ধারিত সময়ে আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস রমনা কমিউটার ট্রেন কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। সকালে ট্রেন ধরতে এসে যাত্রীরা জানতে পারেন, ট্রেন কুড়িগ্রাম পর্যন্ত আসবে না। এতে জরুরি কাজে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা বিপাকে পড়েন।

রেল যোগাযোগ বন্ধ থাকায় সকাল থেকেই অনেক যাত্রীকে বিকল্প পরিবহনে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে যেতে দেখা যায়। অতিরিক্ত ভাড়া গুনতে হওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। নারী, শিশু, বয়স্ক অসুস্থ যাত্রীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার সংস্কার কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৪০ মিনিটে লালমনিরহাট থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উল্টে থাকা ট্রাক অপসারণ এবং ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের কাজ জোরদার করে।

লালমনিরহাট রিলিফ ট্রেনের ইনচার্জ রাশেদুল হাসান জানান, দুপুর ১টা ৪০ মিনিট থেকে উদ্ধার মেরামত কার্যক্রম শুরু হয়েছে। কাজ শেষ হওয়ার অন্তত তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পর পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে রেলপথের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরপরই কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।