Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুড়িগ্রামে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

এ ঘটনায় আহত হয়েছেন আরও নয় জন

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত নয় জন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় একটি বসত বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার ঢুষমারা থানাধীন নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হুরমুজ আলী চিলমারীর নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর এলাকার বাসিন্দা। তি‌নি রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সেলিম মিয়া প‌ক্ষের লোক ব‌লে জানি‌য়ে‌ছে পু‌লিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রৌমারীর সাবেক ইউপি সদস্য সেলিম মিয়া ও চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর এলাকার তোতা মিয়া পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চল‌ছিল। সম্প্রতি সেলিম মিয়া তার পক্ষে মামলার রায় পে‌য়ে‌ছেন ব‌লে দা‌বি ক‌রেন।

বৃহস্পতিবার সকালে পূর্ব ঘোষণা দি‌য়ে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখলে নিতে যান সেলিম মিয়া। এ সময় তোতা মিয়ার পক্ষের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, উভয়পক্ষ ট্রাক্টর ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘ‌র্ষে জড়ায়। এতে প্রতিপ‌ক্ষের আঘা‌তে হুরমুজ আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।  

এ ঘটনায় শহীদ আলী, রাজা মিয়া ও আমিনুল ইসলামসহ অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের একপর্যায়ে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

গ্রাম পুলিশ শ্রী গোবিন্দ বলেন, “দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। আমি ঘটনাস্থলেই আছি।”

ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহ‌তের সুরতহাল প্রতি‌বেদন প্রস্তুত করা হ‌চ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”  

ত‌বে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে ব‌লে স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে।

   

About

Popular Links

x