প্রেমিকের সহায়তায় নারীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় প্রেমিকাকে ডেকে নিয়ে তিন বন্ধু মিলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

রবিবার (২১ জুন) সকালে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুলসংলগ্ন লীলা চৌধুরীর মালিকানাধীন ভাড়া বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন-সিফাত (১৮) জামগড়ায় লীলা চৌধুরীর বাড়ির এক ভাড়াটিয়ার ছেলে, মো. মমিন শেখ (১৮) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপখণ্ড এলাকার বাসিন্দা ও মো. সুমন শেখ (১৮) সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রাউলী এলাকার বাসিন্দা। এই ঘটনার সঙ্গে জড়িত মো. জাকির হোসেন নামে অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মমিন শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার মমিন ওই তরুণীকে জামগড়া এলাকায় দেখা করতে বলেন। পরে মমিনের কথামতো ওই তরুণী জামগড়ায় এলাকায় দেখা করতে যান। পরে মমিন তার বন্ধু সিফাতের বাসায় ওই ভুক্তভোগী তরুণীকে নিয়ে যান। এরপর কৌশলে তিন বন্ধু মিলে ওই তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যান।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ  রাশেদুজ্জামান বলেন, “ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে।”

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।