বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের হাতে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষক বাবার

রাজশাহী মহানগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় রেজাউল করিম (৬০) নামের এক অবরসপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাকিবুল করিম (২৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মেহেরচণ্ডি কড়ইতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। রেজাউল করিম পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত ইদ্রিস প্রামাণিকের ছেলে। তিনি একটি বেসরকারি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন।  
পরিবারের সদস্যদের বরাত দিয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার সকাল থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে পড়ে এবং ঘরে থাকা একটি ভারি মুগুর দিয়ে তার বাবা রেজাউল করিমের মাথায় সজোরে কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল করিম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি আরও জানান, বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত রাকিবুল করিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।