গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছেলে সজীব শেখকে ত্যাগের ঘোষণা দিয়েছেন তার বাবা আব্দুল ওহাব শেখ।
সোমবার (২৩ জুন) রাতে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার রাজীব ফার্নিচারের একটি অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
আব্দুল ওহাব শেখ (৬৫) টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি জানান, তার ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোনো পদ-পদবি না থাকলেও সঙ্গদোষে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। তবে ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি জানতে পারেন তার ছেলে ছাত্রলীগের সঙ্গে যুক্ত। তাকে অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো পরিবর্তন হয়নি বলে জানান তিনি।
আব্দুল ওহাব শেখ বলেন, “তাই আমরা স্বপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোনো কার্যক্রমের দায়ভার আমাদের থাকবে না। তার দায়িত্ব সম্পূর্ণ নিজের।”
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।