হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

ফরিদপুরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর প্রত্যাহার করা হয়েছে ডিবি ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

ওই আদেশে বলা হয়েছে, ডিবি সদর জোন থেকে ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে একই দিন বেলা একটার মধ্যে ফরিদপুর পুলিশ লাইনসে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকরের কথাও ওই আদেশে বলা হয়েছে।

নিহত ওই ছাত্রলীগ কর্মীর নাম মির্জা ইশতিয়াক আহমেদ (২৭)। 

মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ও ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি।

গত ২০ জুন ইশতিয়াক মির্জা প্রান্ত ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হন। পরদিন ২১ জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর খবর পায় পরিবার। 

পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনের অভিযোগ তোলা হলেও পুলিশ জানিয়েছে, হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোমবার ইশতিয়াকের জানাজার আগে এলাকাবাসী বিক্ষোভ করেন এবং প্রায় ৪০ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন।