তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা জারি

আশুরা উপলক্ষে আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে বিভিন্ন ধরনের অস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২৩ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাজিয়া মিছিলে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁটা, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি নিয়ে অংশ নেন। এসব অস্ত্রসদৃশ সামগ্রী জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে।

এতে আরও বলা হয়, মহররম উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর প্রচলন থাকলেও তা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত অস্ত্রসদৃশ কোনো সামগ্রী বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জননিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।