লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একই পরিবারের মা ও দুই মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।  
 
নিহতরা হলেন, মা শাহীনুর বেগম (৩৫) এবং তার দুই মেয়ে ইকরা (১৭) ও সিফা (১৩)।

এছাড়া, নিহত ওই নারীর আরেক মেয়ে ছায়মাকে (২১) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছেন রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম।

 ্এদিকে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) রাশেদুল জানান, তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একজন গুরুতর আহত। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকেও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।