বগুড়ায় আবদুল আলিম (৪২) নামে মসজিদের এক ইমামের বিরুদ্ধে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বেধড়ক গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মহানগরীর সবুজবাগ এলাকায় ইমামের বাড়িতে এ ঘটনা ঘটে। বিকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ইমামকে গণপিটুনি দিলে পুলিশ তাদের হাত থেকে ইমামকে রক্ষা করে থানায় নিয়েছে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, উত্তেজিত জনতার কাছ থেকে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত আবদুল আলিম বগুড়া মহানগরীরর সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক।
জানা যায়, নির্যাতনের শিকার শিশুটি ওই মাদ্রাসার শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ছুটি হলেও পরিবারের কেউ শিশুটিকে আনতে যাননি। এ সময় মাদ্রাসার শিক্ষক আবদুল আলিম শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যান। সেখান থেকে একই এলাকার নিজের বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এছাড়া শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়।
পরে শিশুটি পরিবারের কাছে ফিরে ঘটনা খুলে বললে পুরো এলাকার জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকালে তারা ইমামের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযুক্ত ইমাম আবদুল আলিমকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করেন। তখন এলাকার জনতা ইমামকে বেধড়ক মারপিট করে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।