রাজধানীর বনানীতে নারীসহ একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ জুন) ভোরে মহাখালীর ওয়্যারলেস শিশু মেলা স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহতরা হলেন- সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)।
জানা যায়, পাওনা টাকা চাওয়ার একপর্যায়ে কথা কাটাকাটি হয়। এরপর আরিফসহ ৮ থেকে ১০ জন মিলে তাদের মারধর করে ছুরিকাঘাতের পর আহত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত সুমন তার পরিবার নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে থাকেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জানে আলম জানান, টাকা-পয়সা দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।