মেঘনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ জানায়, সকালে স্থানীয় বাসিন্দারা নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখে হিজলা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মণ্ডল জানান, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় শনাক্তে দেশের বিভিন্ন থানায় মরদেহের ছবিসহ তথ্য পাঠানো হয়েছে। পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সহায়তা চাওয়া হয়েছে। সিআইডি আঙুলের ছাপ সংগ্রহ করতে পারলে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হিজলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।