এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৪,৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। প্রথম দিনের পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কমিটি জানিয়েছে, প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন, যশোরের ২, কুমিল্লার ১, দিনাজপুরের ১ ও ময়মনসিংহ ১ শিক্ষার্থী। এ ছাড়া মাদ্রাসা বোর্ডের ১ ও কারিগরির ১ শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের (আবশ্যিক) মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
জানা গেছে, প্রথম দিনের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৭,২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২.০১%।
বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩,৯৭১ জন, রাজশাহী বোর্ডে ২,৪৬৭ জন, কুমিল্লা বোর্ডে ১,৭৯৫ জন, যশোর বোর্ডে ২,০৭৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১,৩৪০ জন, সিলেট বোর্ডে ১,১২৭ জন, বরিশাল বোর্ডে ১,৩৪৬ জন, দিনাজপুর বোর্ডে ১,৯৩৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১,১৮২ জন।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষায় ৮০,৬৫৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এ বোর্ডে ৪,৪৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের দায়ে ১ জনকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা ২ পরীক্ষায় অংশ নেন ৮০,৬০৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩,০৭৩ জন এবং অসদুপায়ের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরেও ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।