নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট ২,৬৯৭টি পরীক্ষাকেন্দ্রের সবগুলোকেই সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে আসনে বসতে হবে। লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করতে হবে।
কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা বডি-ওর্ন (শরীরে পরিহিত) ক্যামেরা ব্যবহার করবেন। ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে সারা দেশের যেকোনো পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণ করা যাবে।
আগে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এইচএসসি পরীক্ষা প্রতিটি বোর্ডের আলাদা আলাদা প্রশ্নপত্রে অনুষ্ঠিত হতো। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গতকাল বুধবার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
তিনি বলেন, সরকার পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে ৯২ হাজার ৯০৫ জন। আর ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ এবং ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪।
ঢাকায় পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষার দায়িত্বে থাকা ব্যক্তি ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ)।



