ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা দিয়েছে। আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার এবং কেন্দ্রে প্রবেশের সময়সূচি সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত তিনটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার প্রসঙ্গে বোর্ড জানায়, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে নন-প্রগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।
অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো—এফএক্স৮২এমএস, এফএক্স১০০এমএস, এফএক্স৫৭০এমএস, এফএক্স৯৯১এমএস, এফএক্স৯৯১ইএস, এফএক্স৯৯১ইএক্স, এফএক্স৯৯১ইএস প্লাস এবং এফএক্স৯৯১সিডাব্লিউ।
কন্ট্রোল রুম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো সমস্যা, তথ্য বা জরুরি প্রয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।
কন্ট্রোল রুমের ফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫, ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২। এছাড়া ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়।



