রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৪ জুন) বিকেল ৫ টার দিকে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নৌ পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহের সঙ্গে একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডের তথ্যানুযায়ী উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম দীপ মজুমদার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এছাড়া তিনি শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী।
নৌ পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, “জোয়ারের পানির সঙ্গে একটি মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে বসিলা পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সঙ্গে একটি আইডি কার্ড পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চলছে।”
সার্বিক বিষয়ে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “লাশটি উদ্ধারের পর মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”



