Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রী হয়রানির অভিযোগ

বিকেলে জাবি ক্যাম্পাস থেকে রাজধানীর বঙ্গবাজারগামী বাসে এ ঘটনা ঘটে

আপডেট : ১৩ জুন ২০২৬, ১০:১৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঢাকাগামী বাসে এক ছাত্রীকে বিনা অনুমতিতে ছবি তোলা ও পরবর্তীতে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

শনিবার (১৩ জুন) বিকেলে ক্যাম্পাস থেকে রাজধানীর বঙ্গবাজারগামী বাসে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম মো. হাসানুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং নবাব সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, দর্শন বিভাগের ওই ছাত্রী টিউশনের উদ্দেশ্যে বাসে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। বাসটি সাভারের পাকিজা এলাকায় পৌঁছালে তিনি জানতে পারেন, অভিযুক্ত শিক্ষার্থী গোপনে তার ছবি তুলেছেন।

এ বিষয়ে প্রশ্ন করলে অভিযুক্ত শিক্ষার্থী প্রথমে বিষয়টি অস্বীকার করেন এবং পরে দু’পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে ভুক্তভোগী তার ফোনে ছবি আছে কি না যাচাই করতে অভিযুক্তের হাত থেকে মোবাইলটি নেন। তখন অভিযুক্ত তার হাত চেপে ধরে মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, এতে ওই ছাত্রী আসন থেকে পড়ে যান বলে জানা যায়।

ঘটনার সময় বাসে থাকা অন্যান্য শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে বাসটি ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয় এবং ভুক্তভোগী ও অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নেওয়া হয়। সেখানে সহকারী প্রক্টর মোহাম্মদ আবদুর রাজ্জাক ও শামীমা নাসরীন উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী ছাত্রী লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথাও জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, অভিযুক্ত শিক্ষার্থী প্রথমে ছবি তোলার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে দাবি করেন, তিনি ভুক্তভোগী নয়, পাশের সিটের অন্য কারও ছবি তুলছিলেন। তবে ছবিতে স্পষ্টভাবে ভুক্তভোগীকেই লক্ষ্য করে ছবি তোলার বিষয়টি বোঝা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দুই পক্ষের বক্তব্য উপাচার্যের কাছে জমা দেওয়া হবে। এরপর একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির রিপোর্ট সাধারণত সাত দিনের মধ্যে পাওয়া যেতে পারে।

   

About

Popular Links

x