মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ১৯ দিন পর এক নারীর মরদেহ বসতবাড়ির উঠান খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভিকটিমের স্বামী আলমগীর হোসেনকে (৩৫) আটক করা হয়।

সোমবার (৬ জুলাই) প্রশাসনের উপস্থিতিতে অভিযুক্তর দেওয়া তথ্যের ভিত্তিতে আলমগীর হোসেনের বাড়ির উঠান খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জায়েদা বেগম (৩৮) রাজনগর উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। তার স্বামী আলমগীর হোসেন করিমপুর চা বাগান এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই জায়েদা বেগমের বাবা আব্দুল হান্নান মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রবিবার (৫ জুলাই) রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ সরকার আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দাবি করেন, তার স্ত্রী গত ১৯ জুন সৌদি আরবে চলে গেছেন। তবে তার বক্তব্যে অসঙ্গতি ও সন্দেহজনক তথ্য পাওয়া গেলে তাকে থানায় এনে আবার জিজ্ঞাসাবাদ করা হয়।

পুনরায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক আলমগীর হোসেন জানান, গত ১৭ জুন রাত আনুমানিক ৯টার দিকে তিনি তার সহযোগীসহ জায়েদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। একদিন পরে মরদেহ নিজ বসতবাড়ির উঠানে গর্ত করে মাটি চাপা দিয়ে রাখেন।

সোমবার সকালে অভিযুক্ত স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নোবেল চাকমা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল খয়ের এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল শিকদারের উপস্থিতিতে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে জায়েদা বেগমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সুপার বলেন, “ভিকটিমের স্বামীসহ দুইজন পুলিশ হেফাজতে আছেন। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”