সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: ২ যুবলীগ নেতাকর্মী আটক

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ জুলাই) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

শামীমা পারভীন বলেন, “এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।”

আটক ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকার পূর্ব ভাকুম গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মো. সজীব (৩২)।

পুলিশ জানিয়েছে, তারা দুজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন। এর মধ্যে নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর সজীব যুবলীগ কর্মী বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রাতে এ ঘটনায় সাভার মডেল থানায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে তিনজন নেতাকর্মী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সাভারে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হন।